Published : 11 Apr 2026, 09:07 PM
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা অন্যায় করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে এবং তাঁদের সম্মানহানি করেছে। আমরা প্রতিশোধের পথে হাঁটব না, বরং কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করব।” আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক জামায়াত নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন। গত বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের উপনির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম (৭৮)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। জামায়াতের আমির আজ বিকেলে তাঁর সাথে দেখা করতে ময়মনসিংহ আসেন। গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে শফিকুর রহমান বলেন, “আমাদের সংগ্রাম চলবে, আমরা একচুলও নড়ব না। জীবন তো চলেই যায়, জাতির জন্য আরও দু-চারটা জীবন গেলেও আমি প্রস্তুত।
তবে কোনো আপস নয়। জনগণের অধিকারের উপর কেউ হাত দিলে, যে-ই হোক, আমরা একচুলও ছাড় দেব না।” বিরোধী দলের নেতা আরও বলেন, “যারা পার্লামেন্টে যান, যদি তারা মানুষ খুন করে সেখানে যান, তাহলে তারা দেশের জন্য কী করতে পারবেন? মানুষের জীবন, সম্পদ ও সম্মানের রক্ষক হিসেবে আমি পার্লামেন্টে যেতে চাই। যদি আমার আগেই কারো জীবন কেড়ে নেওয়া হয়, সম্মানহানি হয়, সম্পদ ধ্বংস হয়ে যায়, তাহলে আমি প্রতিনিধিত্ব করার যোগ্য নই।” শফিকুর রহমান বলেন, “গণতান্ত্রিক একটি দেশের ভিত্তি হলো নির্বাচন। আমরা এটাই চাই, ভবিষ্যতে যেন আর কোনো সহিংসতা না হয়, কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো সন্তান এতিম না হয়। আমরা চাই আদর্শের লড়াই হোক, অস্ত্রের নয়। আল্লাহ তায়ালা যেন আমাদের একটি সুন্দর দেশ গড়ে তোলার তৌফিক দান করেন।” জামায়াতের আমির বলেন, “আপনারা জানেন, ৯ এপ্রিল বাংলাদেশে দুটি উপনির্বাচন ছিল – শেরপুর ও বগুড়ায়।
আমি আশা করেছিলাম, গত নির্বাচন যেভাবেই হোক, এখন একটি সরকার গঠিত হয়েছে। কেউ সরকারি দলে, কেউ বিরোধী দলে। এখন দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। কিন্তু এই দুটি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, জালিয়াতি, সহিংসতা এবং কিছু ক্ষেত্রে ভয়াবহ সন্ত্রাসের রূপ দেখা গেছে। শেরপুর-৩ আসনে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।” ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াতের আমিরকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, জেলা জামায়াতের আমির আবদুল করিমসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।।
এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল: হাইকোর্টের প্রশ্ন, কেন অবৈধ নয়?